ক্লাব হোক বা আন্তর্জাতিক ফুটবল ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করবেন এটি যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নেশনস লিগে গ্রুপের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে দেগাল করেছেন রোনালদো। তাতে সিআরসেভেন-এর আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াল ১৩৩-এ। ক্যারিয়ারে গোলসংখ্যা ৯০৬টি। ক্লাব ও দেশের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রোনালদো। পোল্যান্ডের মাঠে পর্তুগাল ম্যাচটি জিতেছে ৩-১ গোলে। তাতে এ লিগের এক নম্বর গ্রুপে তিন ম্যাচের সব জিতে শীর্ষে আছে পর্তুগাল।
রোনালদো যখন ক্যারিয়ারে ৯০০ গোলের কাছাকাছি ছিলেন নিজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছিলেন ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর তার লক্ষ্য হবে ১ হাজার গোল। দেশ ও ক্লাব মিলে শেষ ১২ ম্যাচে পর্তুগিজ কিংবদন্তি গোল করেছেন ১১টি। সৌদি ক্লাব আল নাসরের হয়ে গেল কয়েক ম্যাচে পেনাল্টি থেকে গোল করায় কিছুটা সমালোচিতও হয়েছিলেন। তবে পোল্যান্ডের বিপক্ষে ফিল্ড গোলই করলেন তিনি।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবার চোখ ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের ২৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের হেড পাস থেকে গোল করেন বার্নার্দো সিলভা। ৩৭ মিনিটে গোল করেন রোনালদো। গোলটির পেছনে কৃতিত্ব আছে রাফায়েল লেয়াওয়ের। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এসি মিলান ফরোয়ার্ড। বল পোস্টে লেগে চলে যায় রোনালদোর পায়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে বল জালে পাঠান রোনালদো। আসরে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন রোনালদো। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম গোল। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
৬৩ মিনিটে রোনালদো ও লেয়াওকে তুলে নিয়ে ডিয়েগো জটা ও ত্রিনকাওকে নামান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ৭৮ মিনিটে একটি গোল দেন পোল্যান্ডের পিওতর জেলেনস্কি। ৮৮ মিনিটে জান বেডনারেকের আত্মঘাতী গোলে স্কোর ৩-১ হয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ নেশনস লিগে পর্তুগালের পরের ম্যাচ মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে।
