ঢাকা-আরিচা মহাসড়ক

ছিনতাই বন্ধে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বিশমাইল পর্যন্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত ছিনতাই ও সশস্ত্র গুপ্ত হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এ ধরনের অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মী ও ভুক্তভোগী ছাত্র-জনতা।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ মানববন্ধন করেন তারা। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়  সংলগ্ন এলাকায়  সংঘটিত হওয়া ছিনতাইয়ের ঘটনার  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শাখা ছাত্রদলের কর্মী ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আদনান করিম বলেন, ‘সিঅ্যান্ডবি এলাকা থেকে বিশমাইল এলাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ঘটে চলেছে। ঘটনার প্রেক্ষাপটে আমরা কয়েকবার সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানায় অভিযোগ করার পরেও তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। আমরা এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছি। আজকের পরে যদি এই এলাকায় নতুন কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে তাহলে এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। থানা কর্তৃপক্ষ যদি নিরাপত্তার ব্যবস্থা না করতে পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত