আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তার দুই ভাইয়ের দুর্নীতি অনুসন্ধান শুরুর জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ। গতকাল সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আবেদনে ওবায়দুল কাদেরের দুই ভাই আবদুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলার অনুরোধ জানানো হয়।
আইনজীবী সুলতান মাহমুদ আবেদনে বলেছেন, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া তার ভাই আবদুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তাদের এই সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪-এর ২৭ ধারায় মামলা, তদন্তসম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে বলা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারদলীয় সাবেক অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান।
