সেপ্টেম্বরে সড়কে মৃত্যুর ৩৯% মোটরসাইকেলে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ এএম

দেশে গত সেপ্টেম্বর মাসে ৪৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জন নিহত, ৯৭৮ জন আহতের তথ্য পাওয়া গেছে। এই মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত, ৪ জন আহত হয়েছে। আর নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৯ জন নিহত, ৫৬ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে ৫৪৭টি দুর্ঘটনায় ৫৫৪ জন নিহত এবং ১০৩৮ জন আহত হয়েছে। এ সময় সড়কে দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের সেপ্টেম্বর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত, ১৪৯ জন আহত হয়েছে।

এই মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ৩৮ দশমিক ৯৪ শতাংশ, নিহত ৩৯ দশমিক ১৫ ও আহত ১৫ দশমিক ২৩ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১১৬টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। বিভাগটিতে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের দুর্ঘটনার ৩ দশমিক ৬৫ শতাংশ ঢাকা মহানগরীতে এবং ১ দশমিক ৪১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে, দেশের সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের অনুপস্থিতির সুযোগে আইন লঙ্ঘন করে যানবাহনের অবাধ চলাচল। সেই সঙ্গে জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় এবং অতিবৃষ্টির কারণে সড়কের মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এসব গর্তের কারণে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। তা ছাড়া জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টানিং চিহ্ন না থাকার ফলে নতুন চালক এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছেন বলে জানানো হয় প্রতিবেদনে।

সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি এবং নিবন্ধন বন্ধ, মহাসড়কে রাতে চলাচলের জন্য আলোকসজ্জা, চালকদের বেতন, কর্মঘণ্টা নিশ্চিতসহ ১১টি সুপারিশ করেছে সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত