বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এর ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করি। গতকাল ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সময় আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাধা দেয়, অগ্রসর হতে দেয় না। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এমন সময় পেছনের দিক থেকে অর্থাৎ খাদ্য অধিদপ্তর অফিসের দিক থেকে শাহবাগ থানার ডিসি মাসুদের নেতৃত্বে জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপসহ বেধড়ক লাঠিচার্জ করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ডিসি মাসুদসহ দোষীদের বিচারের দাবি জানাই।’
এ ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এমপিওভুক্তির দাবিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ‘অ্যাপ্লিকেশন টু অ্যাডভাইজার’ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, শিক্ষক হুমায়ুন কবির সুমনসহ শিক্ষক নেতারা।
