চরম নাটকীয়তার পর বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন ফিল সিমন্স। সেটা এমন এক সময়ে, যখন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নিজের দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ পেলেন না। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে সিমন্স বললেন, বিষয়টি নিয়ে তিনি চিন্তিত নন।
আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে সরাসরি কিছু বলেননি সিমন্স। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে নেই, সেটা নিয়ে আমি চিন্তা করিনা, এটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। যারা আছে তাদের নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করছি।’
বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব পূরণ করতে হলে একইসাথে একজন জেনুইন বোলার ও ব্যাটারের দরকার। এ বিষয়ে ফিল সিমন্স বলেছেন, ‘এরকম নয়। যারা অ্যাভেইলেবল আছে তাদের নিয়েই আমরা ফোকাস করছি। সেভাবেই পরিকল্পনাও করা হচ্ছে। প্রত্যেকে মাঠের ক্রিকেটে মনোযোগী হবে এটাই প্রত্যাশা।’
সিমন্সের প্রথম পরীক্ষাই দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। দেশের মাটিতে সিরিজ হওয়ায় কিছু সুবিধা তো থাকবেই। নতুন শিষ্যদের নিয়েও বেশ আশাবাদী সিমন্স, ‘গত ২ দিন ধরে ছেলেরা অনেক পরিশ্রম করছে। তারা বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি তারা মাঠের ক্রিকেট নিয়েই ভাববে।’
শনিবার প্রস্তাব পেয়ে বুধবার যোগ দিয়েছি: ফিল সিমন্স
অশ্লীল গ্রাফিতি মুছে সাকিবের প্রতি ভালোবাসা জানালেন সাকিবিয়ানরা