আসিফ নজরুলের ব্যাখ্যা

নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:১৭ এএম

আগামী নির্বাচনের সময় নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, “নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পলিসি ডিসিশন’ (নীতিনির্ধারণী ঘোষণা)। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার রাখেন।”

গত বৃহস্পতিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইর একটি অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে।’ তবে এতে অনেকগুলো ‘ফ্যাক্টর’ আছে উল্লেখ করে তিনি বলেন, এটি তার প্রাথমিক অনুমান (নির্বাচনের সময়) হতে পারে। গতকাল শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এ ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে, নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।’

উপদেষ্টা বলেন, ‘সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।’ তিনি আরও বলেন, ‘এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের সময় ঘোষণা হিসেবে দেখাচ্ছে।’ বিনয়ের সঙ্গে তিনি বলছেন, এটা সঠিক নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত