‘লাশ যেন দাফন করা হয়’ মেয়েকে বলেছিলেন মনি কিশোর

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম

রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন চারদিন আগে তিনি মারা গেছেন। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে পূর্ব রামপুরার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এই কন্ঠশিল্পীর অকাল প্রয়াণে সংগীতাঙ্গনে চলছে শোকের মাতম। তবে মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি।

এ প্রসঙ্গে রামপুরা থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, ‘পূর্ব রামপুরার যে বাসায় মনি কিশোর দাদা ভাড়া থাকতেন, তার পাশের ভাড়াটিয়া গন্ধ পাচ্ছিলেন। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা আমাদের খবর দেন। আমরা গিয়ে দরজা ভেঙে দেখি মনি কিশোর দাদা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। দেহ ফুলে ফেপে ছিল।’

প্রাথমিকভাবে পুলিশের ধারণা অসুস্থতার কারণে মারা যেতে পারেন তিনি। পুলিশ জানায়, মনি কিশোরের বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ বেশ কিছু মেডিকেল রিপোর্টের সন্ধান মিলেছে যা থেকে বোঝা যায় অসুস্থ ছিলেন তিনি।

এদিকে মৃত্যুর পর তার লাশ দাফন নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা সনাতন ধর্মালম্বী এ শিল্পী নব্বইয়ের দশকে ইসলাম ধর্মগ্রহণ করে মুসলিম এক নারীকে বিয়ে করেন। তবে দেড় যুগ আগে সেই সংসারে বিচ্ছেদ হয়।

বিগত কয়েক বছর ধরে একাই জীবনযাপন করছিলেন এই গায়ক। একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার কাছেই মনি কিশোর জানিয়েছিলেন, মৃত্যুর পর যেন তার লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

মনি কিশোরের বড় ভাই অশোক কুমারও গণমাধ্যমকে একই কথা জানান। তিনি বলেন, ‘মনি বেঁচে থাকা অবস্থায় তার দাফনের বিষয়টি একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়েছিলেন। মেয়েও জানিয়েছে, তার বাবাকে যেন দাফন করা হয়। এমনটাই নাকি সে বলে গিয়েছিল। মেয়েকে যেহেতু বলে গিয়েছে, তাই তার ইচ্ছামতো দাফন করা হবে। আমরা অন্য কোনো সিদ্ধান্তে যাব না।’

তবে কোথায় দাফন করা হবে এ বিষয়ে এখনো নিশ্চিত নন অশোক কুমার মণ্ডল। লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এরপর তারাই সিদ্ধান্ত নেবে, কোথায় মনি কিশোরের লাশ দাফন হবে বলে জানান তিনি।

নব্বই দশকে তুমুল জনপ্রিয় এই কন্ঠশিল্পী অসংখ্য গান উপহার দিয়েছেন তার ক্যারিয়ারে। মনি কিশোরের উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘কী ছিলে আমার’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’এবং ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত