শেখ হাসিনার বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি : প্রণয় ভার্মা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:১৮ এএম

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়। আমরা মূলত আলোচনা করেছি কীভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি।’

আলোচনার বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, ‘এটি নিয়মিত বৈঠকের অংশ। আমরা দুদেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সম্পর্ক দুদেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।’

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক সভা প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমরা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করতে চাই।’ বাংলাদেশে গত সপ্তাহে আটক হওয়া ভারতীয় মৎস্যজীবীদের জন্য দিল্লি কনসুলার সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলা হয়, বৈঠকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়ন এবং কয়েকটি ভারতীয় লাইন অব ক্রেডিট প্রকল্পে নিযুক্ত ভারতীয় কর্মীদের বাংলাদেশে ফিরে আসার অবস্থা এবং বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমের বিষয়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র সচিব পর্যায়ের নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থা নিয়ে দুপক্ষ কথা বলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত