৯ মাসে লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ৩৭ শতাংশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:৪৯ এএম

দেশব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলন ও নতুন সরকারের উন্নয়নব্যয় কমিয়ে আনাসহ নানা পদক্ষেপে নির্মাণ শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বেড়ে যাওয়ায় শিল্পের উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। এসব কারণে দেশে সিমেন্টের বিক্রি কমে যাওয়ায় নিট মুনাফায় বড় ধরনের প্রভাব ফেলেছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিমেন্ট শিল্পে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির নিট মুনাফা ৩৭ শতাংশ কমে গেছে। গতকাল সোমবার কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

চলতি বছরের ৯ মাসে লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ৩৩০ কোটি টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৪৯ পয়সা। এ আয়ের ওপর ভিত্তি করে গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ বিতরণে কোম্পানিটির ২২০ কোটি টাকা ব্যয় হবে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের প্রথম ৯ মাসে সিমেন্ট ও অ্যাগ্রিগেটস বিক্রি করে লাফার্জহোলসিমের আয় হয়েছে ২ হাজার ৬৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৪ শতাংশ কম। বিক্রি কমে যাওয়ার এ সময়টায় কোম্পানির উৎপাদনব্যয় বেড়ে গেছে। চলতি বছরের ৯ মাসে কোম্পানির উৎপাদনব্যয় ছিল মোট বিক্রির ৬৮ দশমিক ৯ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৬০ দশমিক ৮ শতাংশ। উৎপাদনব্যয় সমন্বয়ের পর চলতি বছরের ৯ মাসে মোট মুনাফা হয়েছে ৬৪৪ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম।

তবে অস্থিরতার এ সময়টায় লাফার্জহোলসিম ব্যবস্থাপনাব্যয় কিছুটা কমিয়ে আনতে পেরেছে। এ সময় প্রশাসনিক, বিক্রি ও বিতরণব্যয় শেষে পরিচালন মুনাফা হয়েছে ৪৭৫ কোটি ৭৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৬৬৩ কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আর্থিক ব্যয় অনেকটা বেড়ে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে আর্থিক ব্যয় দাঁড়িয়েছে ৫২ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে আর্থিক ব্যয় হয়েছিল ১৭ কোটি ২৫ লাখ টাকা।

আগের বছরের তুলনায় আয় কমে যাওয়ার কারণে চলতি বছরে লাফার্জহোলসিমের কর পরিশোধের পরিমাণ কিছুটা কমেছে। এ সময় কর পরিশোধের পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৬ কোটি টাকা। কর পরিশোধের পর চলতি বছরের ৯ মাসে লাফার্জহোলসিমের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৮০ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৫২১ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৩৭ শতাংশ।

আর্থিক প্রতিবেদন প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘সামনের দিনগুলোয় সেলস চ্যানেল সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসাকে শক্তিশালী করা, ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়া এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা “জিওসাইকেল”-এর কর্মপরিধি বিস্তারে আমরা কাজ করছি। আমরা আশা করছি, বছরের বাকি সময়টায় ব্যয়সংকোচন এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা ভালো ফলাফল অর্জন করতে সমর্থ হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত