চুরির দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই যুবককে সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে এক যুবকের বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ওই গ্রামের কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মোটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের (৬২) ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করা হয়। পরে বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় মাতব্বরা ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের পরিবারে ঝামেলা হয়। এ ছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরনের কটূক্তি করতে থাকে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সুজয় বরের বাবা অমল বর।
হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নরোত্তম সিকদার ওই সালিশে ছিলেন। তিনি বলেন, চুরির বিষয়টি ওই দুই যুবক স্বীকার করেছে। যে জন্য সালিশকারীরা তাদের জরিমানা করেন।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
