আশুলিয়া কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, দুর্ভোগ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:১২ এএম

সাভারের আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ীতে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এতে দুভোগে পড়েছে সাধারণ মানুষ। গতকাল সোমবার সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তেরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ১০টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করে তারা। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বাইপাইলে যায় শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, গত তিন মাস থেকে কোনো বেতন বোনাস পায়নি তারা। বেতন না দিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে দফায় দফায় মালিকপক্ষের সঙ্গে কথা হলে তারা বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাস অতিবাহিত হলেও বেশিরভাগ শ্রমিক বেতন বোনাস পায়নি। এ ছাড়া কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের।

এদিকে হাজিরা বোনাস, বাৎসরিক বেতন, নাইট বিল বৃদ্ধিসহ মেডিকেল ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে একটি পোশাক কারখানার প্রায় কয়েক হাজার পোশাক শ্রমিক। গতকাল সকাল পৌনে ৮টা থেকে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিসের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকরা অ্যাসেমব্লি পয়েন্টে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন।

ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লি. (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর অ্যাডমিন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বিজিএমইএ ঘোষণা অনুযায়ী হাজিরা বোনাস ৭৫০ টাকা করা হয়েছে। নাইট বিল করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু শ্রমিকরা তাও মানছে না।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকাল থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত