সিঁধ কেটে ঢুকে শিক্ষিকাকে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:২২ এএম

নড়াইলের মাটির ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে এক শিক্ষিকাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সবিতা রানী বালা (৫৩)। গত রবিবার গভীর রাতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই সময় দুর্বৃত্তরা শিক্ষিকার ব্যবহৃত স্বর্ণালংকার, ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

সবিতা বালা ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি গ্রামের পরিতোষ কুমার ম-লের স্ত্রী। তারা ছিলেন নিঃসন্তান দম্পতি।

সবিতা বালা রানীকে হত্যার ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর শোনার পর বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা তার বাড়িতে ভিড় করছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টা পর্যন্ত সবিতা বালা ও তার স্বামী পরিতোষ মন্ডল ঘরে একসঙ্গে ছিলেন। এরপর তারা দুজনে আলাদা রুমে ঘুমোতে যান। রাত ৩টার দিকে স্বামী পরিতোষ ম-ল পূজা করার জন্য ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে যান। তখন বাইরে থেকে বন্ধ পাওয়ায় তার মনে সন্দেহ হয়। তখন স্ত্রীর রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিতোষ ম-লের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা সবিতা বালার কাছে থাকা একটি স্বর্ণের চেইন, দুটি হাতের বালা, একটি হাতের আংটি, এক জোড়া কানের দুল, একটি ল্যাপটপ সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে অনেকে ধারণা করছে, চুরি করতে আসায় চোরদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হতে পারে।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ তাদের দ্রুততম সময়ের মধ্যে আটকের জোর চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত