ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে ১৭ দিন পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল মঙ্গলবারও রাজ্য জুড়ে এ কর্মসূচি পালন করার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সঙ্গে পূর্বঘোষিত স্বাস্থ্য ধর্মঘট কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। তবে অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও, নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে সামনের দিনগুলোয় আন্দোলনের গতিপথ কী হবে তা নির্ধারণে আগামী শনিবার আর জি কর হাসপাতালে মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
সোমবার রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আন্দোলনরত চিকিৎসকরা মমতার সঙ্গে বৈঠক শেষে ধর্মতলায় অনশনমঞ্চে ফিরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নানা বিষয়ে এখনো রাজ্য সরকারের সঙ্গে একমত হতে পারেননি আন্দোলনকারীরা। অনশন প্রত্যাহারের প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা জানান, সরকারের অনুরোধে নয়, নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
