খুলনার খালিশপুরের হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুস ছালাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি রোমানা তানহা।
দ-িত আসামিরা হলেন সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, অন্তু, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াসির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট রাত ৯টার দিকে এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কসংলগ্ন ক্রিয়েটিভ কার্টস অ্যান্ড কফি হাউজের মধ্যে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খুন করে তৈয়্যেবা কলোনির বাসিন্দা ও মিল শ্রমিক মো. হাবিবুর রহমানের ছেলে কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজকে। এ সময় হাসিবুরের দুই বন্ধু যোবায়ের ও রানাকেও কুপিয়ে জখম করা হয়। হত্যাকান্ডের ভিডিও ফুটেজ ভাইরাল হয়।
এ ব্যাপারে নিহতের বাবা হাবিবুর রহমান ঘটনার পরের দিন বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। হাবিবুর রহমান বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। ভেবেছিলাম কয়েকজন আসামির ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করব।’
