আ.লীগ নেতাকর্মীরা হাসিনার পলায়নপত্র খোঁজেন : আলাল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৬ এএম

আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়নপত্র খোঁজেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল মঙ্গলবার মুগদায় খুনি সাবির হোসেনের ফাঁসির দাবিতে খুন ও গুম হওয়া পরিবারের আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছেন। তারা এখন শেখ হাসিনার পদত্যাগপত্র খোঁজেন। পলায়নপত্র কোথায়। অথচ গত ১৭ বছর আমরা গুম-খুন, নির্যাতনের শিকার হয়েছি, সহ্য করেছি। একটুও দমে যাইনি। যে নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে যান, সেই নেত্রীকে বলব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পায়ে সালাম করেন। আর দেখেন কীভাবে শত-জুলুম, নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে সাহসের বাতি হয়ে থাকতে হয়।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘যারা পদত্যাগপত্র খোঁজেন, পদত্যাগপত্র খুঁজে লাভ নেই। পদত্যাগপত্র বঞ্চিত হয়ে গেছে। রাষ্ট্রপতি প্রকাশ্যে বলেছেন, শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ করেছেন। এখন আবার তারা পলায়নপত্র খোঁজেন। পলায়নপত্র তো পৃথিবীতে হয় না। যে জাতি তাকে (শেখ হাসিনাকে) তালাক দিয়েছে। সেই তালাকপত্র খুঁজে পাবেন না। সেই তালাকপত্র খুঁজতে হলে দেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে যেতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত