বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গতকাল মঙ্গলবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা মিস. হুমা খান উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। এ সময় তারা দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। জামায়াতের আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।
এর আগে গত সোমবার সকালে ঢাকার গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় জামায়াত নেতারা বৈঠক করেন। এ সময় নরওয়ের পাশাপাশি ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি আলোচনায় স্থান পায়। বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিদ্যমান থাকায় এ ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে তাদের পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
