ইনিংস হার বাঁচাতে মিরাজ-জাকেরের লড়াই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:১৩ এএম

যেভাবেই হোক মধ্যাহ্ন বিরতির আগেই যেন খেলা শেষ করে ফেলতে হবে। বাংলাদেশের ব্যাটারদের দেখে এমনটা মনে না হওয়ার কোনো কারণ নেই। ইনিংস হার বাঁচাতে উইকেট কামড়ে পড়ে থাকার চেয়ে তারা উদ্ভট শটে আউট হতেই বেশি আগ্রহী। দিনের চতুর্থ ওভারেই পড়ল দুই উইকেট।

আকাশ মেঘলা, পেসারদের জন্য স্বপ্নের সকাল। এমন কন্ডিশনেই আজ বুধবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হলো। কাগিসো রাবাদার করা দিনের চতুর্থ ওভারেই উদ্ভট শট খেলতে প্রথম স্লিপে ধরা পড়েন ৯২ বলে ৫ চারে ৪০ রান করা মাহমুদুল। এক বল পরেই আউট মুশফিক। রাবাদার সেই ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে থামল তার ২৩ রানের ইনিংস।

এরপর পালা লিটন দাসের (৭) । কেশব মহারাজের স্টাম্পে পিচ করা বল লিটনের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ১১২ রানে ৬ উইকেট পতনের পর মেহেদি মিরাজ আর জাকের আলী প্রতিরোধের চেষ্টা করছেন। ৪৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান।

৩ উইকেটে ১০১ রান তুলে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। উইকেটে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান। কিউইদের আবারও ব্যাটিংয়ে নামাতে হলে কমপক্ষে ২০৩ রান করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত