শান্ত দায় দিলেন ব্যাটারদের, মিরাজ করলেন আত্মসমালোচনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে পরাজয়ের কারণ কী? খুব সহজ প্রশ্ন, উত্তরটাও একদম সহজ- ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে ১০৬ রানে অল-আউট হয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টি এবং মিরাজ-জাকেরদের সৌজন্যে ম্যাচ গড়ায় চার দিনে। ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটারদেরকেই কাঠগড়ায় ওঠানো হলো।

পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরাজয়ের কারণ নিয়ে বলেন, ‘আমরা দল হিসেবেই হেরেছি। কাওকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। তবে আমরা সবাই জানি যে, একটা দল হিসেবেই আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা দুইশ রান পিছিয়ে ছিলাম (দ্বিতীয় ইনিংসে)। মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা আত্মবিশ্বাস ছড়িয়েছে। প্রথম ইনিংসে এটাই আমরা করতে পারিনি। ব্যাটার হিসেবে নতুন বলে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে।’

দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলা মিরাজও সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন, ‘আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করছি। আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসের রানটা প্রথম ইনিংসে হলে ম্যাচটা ভিন্ন হতে পারত। দুই সেশনের আগেই অল-আউট হয়ে গিয়েছি। এ জন্য পিছিয়ে পড়েছি। আর টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ।’

প্রথম ইনিংসে নিজের বোলিংয়ের সমালোচনাও করেছেন মিরাজ, ‘আমরা যদি আরও ভালো বোলিং করতাম…। বিশেষ করে আমি আর নাঈম যদি আরও ভালো বোলিং করতাম, তাহলে প্রশ্ন উঠত না। আমিও ভালো করিনি। আমি যদি ভালো করতাম, যে জিনিসটা দল প্রত্যাশা করে, ৬-৭ উইকেট নেব, ম্যাচ জেতাব। কিন্তু আমি প্রথম ইনিংসে শুরুর দিকে উইকেট নিতে পারিনি। তখন আমরা পিছিয়ে পড়েছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত