সাবেক মডেলের অভিযোগ

ট্রাম্প টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে অযাচিত স্পর্শ করেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক এক মডেল। তার অভিযোগ, ১৯৯৩ সালে প্রথমবার কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প তাকে জড়িয়ে ধরে।

স্টেসি উইলিয়ামস নামে এ মডেলের অভিযোগ, ট্রাম্প ও ‘যৌন নিপীড়নকারী’ জেফরি এপস্টেইনের ‘বিকৃত খেলার’ অংশ হিসেবে তার সঙ্গে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ৯০’এর দশকে মডেলিং ক্যারিয়ার শুরু করা উইলিয়ামস ১৯৯২ সালে এপস্টেইনের মাধ্যমে একটি ক্রিসমাস পার্টিতে ট্রাম্পের সঙ্গে প্রথম পরিচিত হন।

কয়েক মাস পর জেফরি এপস্টেইন ম্যানহাটনের বাসভবনে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। উইলিয়ামস দাবি করেন, সেখানে পৌঁছানোর পর ট্রাম্প তাকে কাছে টেনে নেন এবং তার শরীরের বিভিন্ন অংশে অযাচিত হাত দেন দেন।

মডেল স্টেসি উইলিয়ামস

তিনি বলেন, ওই পরিস্থিতিতে ‘একদম স্থির’ ও ‘হতভম্ব’ হয়ে গিয়েছিলাম। তবে এটাও দেখেছি, দুজন (ট্রাম্প ও এপস্টেইন) একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ‘এপস্টেইন এবং ডোনাল্ড খুবই ভালো বন্ধু ছিলেন এবং একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন,’ বলেও গার্ডিয়ান জানান উইলিয়ামস। একসময় এপস্টেইনকে যৌন পাচার এবং অপ্রাপ্তবয়স্কদের নির্যাতনের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি।

পেনসিলভেনিয়ায় বসবাসকারী ৫৬ বছর বয়সী স্টেসি উইলিয়ামস এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করলেও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনকারী গ্রুপ ‘সারভাইভারস ফর কমলা’ আয়োজিত জুম কলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

অবশ্য ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির উইলিয়ামসের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের দাবি, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা স্পষ্ট এ গল্প হ্যারিসের প্রচারণা শিবির দ্বারা সাজানো।

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিয়ত যৌন হয়রানির অভিযোগের তালিকা বড় হচ্ছে। এর আগে কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করে একটি আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত