জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে নবা আলীকে মৌমাছি আক্রমণ করে। এ সময় সিরাজুল ইসলাম ও তার ছেলে ফরিদ সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তাদেরকেও মৌমাছি আক্রমণ করে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবা আলী ও ফরিদকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা গুরুতর হওয়ায় সিরাজুল ইসলামকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, সম্প্রতি উপজেলার বিভিন্নস্থানে বিষাক্ত ভীমরুল ও মৌমাছির উপদ্রব বেড়ে গেছে। প্রায়ই সময় আক্রান্ত হচ্ছে মানুষ। এর আগেও মৌমাছি ও ভীমরুলের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে আহত হয়ে তিনজন হাসপাতালে এসেছিল। তাদের মধ্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে এগিয়ে ট্রাম্প
সড়ক নিরাপদ করতে সরকারের ৬ নির্দেশনা