ডেঙ্গুতে রোগী বেশি ঢাকা উত্তরে মৃত্যু দক্ষিণে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:২৭ এএম

এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত রোগী বেশি ঢাকা উত্তর সিটিতে ও মৃত্যু দক্ষিণে। রোগী ও মৃত্যুর এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩১৪ জন, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ঢাকা দক্ষিণে মারা গেছে ১৩৩ জন। মৃত্যুর এই সংখ্যাও সর্বোচ্চ।

এ বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণে রোগী ভর্তি হয়েছে ১০ হাজার ৯৯৭ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ এবং ঢাকা উত্তর সিটিতে মারা গেছে ৪৬ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্যবিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও চারজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে মারা গেছে দুজন এবং বরিশাল বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটিতে একজন করে। মৃতদের মধ্যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। নারী রোগীদের বয়স ছিল ২৬-৩০ বছর ও ৩৬-৪০ বছর এবং পুরুষের ১৬-২০ বছর ও ৪১-৪৫ বছর।

এ নিয়ে এ মাসে গত ২৪ দিনে ডেঙ্গুতে মারা গেল ১০৫ জন, যা মোট মৃত্যুর ৩৯ শতাংশ। এ বছর মারা গেছে ২৬৮ জন। মৃতদের ৫৩ শতাংশ বা ১৪৩ জন নারী ও ৪৭ শতাংশ বা ১২৫ জন পুরুষ। এ মাসের এই মৃত্যু বছরের সর্বোচ্চ। এর আগে গত সেপ্টেম্বরে ৮০ জন, আগস্টে ২৭, জানুয়ারিতে ১৪, মে ও জুলাইতে ১২ জন করে, জুনে ৮, মার্চে ৫, ফেব্রুয়ারিতে ৩ ও এপ্রিলে২ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ২৯ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৩৯ জন পুরুষ ও ৩৯০ জন নারী। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ২৪৩ জন ও সর্বনিম্ন পাঁচজন সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা দক্ষিণে ১৫৬, চট্টগ্রাম বিভাগে ১৪৩, খুলনা বিভাগে ১৩২, বরিশাল বিভাগে ৮৮, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২১ ও রংপুর বিভাগে ১৯ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জন। এর মধ্যে এ মাসেই ভর্তি হয়েছে ২৩ হাজার ২৮৭ জন। মোট রোগীর ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত