স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘ভয়েস অব ভিকটিম ফ্যামিলির’ স্মারকলিপি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৪০ এএম

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিচারবহির্ভূত ও হেফাজতে হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘ভয়েস অব ভিকটিম ফ্যামিলির’ উদ্যোগে এ মানববন্ধন করেন তারা। পরে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা।

এ স্মারকলিপিতে রিমান্ডকালীন এবং অন্যান্য সময়ে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিচারসহ পাঁচটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো (ক) আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার, অতঃপর নির্যাতনে মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত করা। (খ) বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। (গ) সংশ্লিষ্ট থানার তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। (ঘ) ভিকটিম পরিবারের সদস্যদের চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং (ঙ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার কার্যক্রম শুরু করার পাশাপাশি তাদের সম্পদের হিসাব প্রকাশ করা।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজন হারানো পরিবারগুলো ‘উই ওয়ান্ট ইন্টারন্যাশনাল ইনকোয়ারি’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে।

এ সময় ঢাকার লালবাগের একটি ওয়ার্ডের বিএনপি নেতা আনোয়ার হোসেনের ছেলে আনান হোসেন অশ্রুসজল চোখে বলেন, ‘আমার বাবাকে ধরে নিয়ে লালবাগ থানায় অমানুষিক নির্যাতন করা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের কারণে চোখ ক্ষতিগ্রস্ত হয়, চোখ খুলতে পারতেন না।’

‘আনোয়ার হোসেন ভালো চিকিৎসা পায়নি’ এ অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা আর আমাদের মধ্যে ফিরে আসবেন না। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবর শেখকে পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী হাফিজা আক্তার। তিনি বলেন, ‘তিনি বিএনপি করেন, এটাই তার একমাত্র অপরাধ। যদি বিএনপি করা অপরাধ হয়, তাহলে দেশে কেন দুই দল? এক দল থাকাই তো দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত