টেন্ডার পেতে হুমকি আনোয়ারায় বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:০৬ এএম

চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় ইপিজেডের একটি কারখানার খাবারের টেন্ডার পেতে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠার পর বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকা-ে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ কাঞ্চনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিয়াছ কাঞ্চন দলের সিদ্ধান্ত অমান্য করায় তাকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, কোরীয় ইপিজেডের আমেরিকান অ্যান্ড এফির্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিকদের খাবারের টেন্ডার পেতে ওই প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাণনাশ ও কারখানা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চনের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার ইলিয়াছ কাঞ্চন ও কাইয়ুম খানসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) সেগুফতা গণি কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত