আত্মঘাতী গোলে কিংসের হার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম

আন্তর্জাতিক আসরে দুর্ভাগ্য পিছু ছাড়ছেই না বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্ব তারা শুরু করেছে লেবাননের নেজমেহ এফসির কাছে আত্মঘাতি গোলে হেরে। ডিফেন্ডারের ক্লিয়ারেন্স হেড জালে জড়ালে ১-০ গোলের হারের দুর্ভাগ্য বরণ করতে হয়। 

আআত্মঘাতী গোলে এর আগেও একাধিকবার জাতীয় দল ও কিংসকে ডুবিয়েছেন সাদ উদ্দিন। সেই ধারা বজায় রেখে কিংসের হারে এবারও বড় ভূমিকা রাখলেন তিনি।

থিম্পুতে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় নেজমেহ। কোরানি হাসানের বক্সে ফেলা ফ্রি-কিক পেছনের ফরোয়ার্ডকে মাথা ছোঁয়াতে না দিয়ে হেডে নিজেই ক্লিয়ার করতে চেয়েছিলেন সাদ। সেই বল আনিসুর রহমানকে সুযোগ না দিয়ে জালে জড়ায়।

ম্যাচের শুরু থেকে নেজমেহ প্রাধান্য নিয়ে খেললেও গোলের সুযোগ পেয়েছিল কিংসও। গোলরক্ষক আনিসুর রহমান নেজমেহর বিলাল সাব্বাগের শট ফিরিয়ে দেন শুরুতেই। এরপর ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ পান কিংসকে এগিয়ে নেওয়ার। কিন্তু তাঁর শট গোললাইন থেকে ফিরিয়েছেন নেজমেহ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাথন ফার্নান্দেজের শট অল্পের জন্য পোস্ট ছিল না। ৮০ মিনিটের পর মিগেল ফিগেইরা নামলে খেলায় আরও ধার বেড়েছিল কিংসের। কিন্তু সমতা ফেরানোর গোলটাই পাওয়া হয়নি কিংসের। ফলে হার দিয়ে অভিষেক হলো রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার।

গ্রুপের অন্য ম্যাচে অস্কার ব্রুজোনের ইস্টবেঙ্গলকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক পারো এফসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত