ছন্দে ফিরতে সিলেটে গিয়ে জাকিরের ১৩

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছে জাকির হাসানের নাম। শনিবার টেস্ট দলের ক্রিকেটাররা পা রেখেছেন বন্দর নগরীতে, কিন্তু জাকির চট্টগ্রামে নয় সিলেটে। সেখানে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে। তবে ভেন্যু এবং প্রতিপক্ষ বদলালেও ভাগ্য বদলায়নি জাকিরের। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৩ রান করেই আউট হয়ে গেছেন জাকির, শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ফরহাদ হোসেনের বলে।

জাতীয় লিগে শনিবার শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এই রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠ ভেজা থাকায় প্রথম দিনের খেলা হয়নি ঢাকা-রংপুর ম্যাচে। খুলনায় বৃষ্টিতে খেলা হয়নি খুলনা-বরিশাল ম্যাচে। খেলা হয়েছে দুই ভেন্যু, বিকেএসপি-৪ এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দুটোই পরিণত হয়েছিল ব্যাটসম্যানদের বধ্যভূমিতে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনে পতন হয়েছিল ১৬ উইকেটের, সিলেটে এবং বিকেএসপিতে প্রথম দিনে পতন হয়েছে ১৫ উইকেট করে। আগে ব্যাট করে চট্টগ্রাম অলআউট হয় ১৯৮ রানে। সর্বোচ্চ ৭৩ রান করেন ইয়াসির আলি, ৩ উইকেট করে নিয়েছেন রেজাউর রহমান রাজা ও তোফায়েল আহমেদ। জোড়া শিকার আবু জায়েদ রাহির। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে সিলেটও, ৩৮ ওভারে ১১৪ রান তুলতেই তাদের ৫ উইকেট নেই। প্রথম দিনের খেলা শেষে সিলেট পিছিয়ে আছে ৮৪ রানে।

ব্যাটে রান নেই, তাই জাকিরকে জাতীয় দল থেকেই পাঠানো হয়েছে সিলেটে ম্যাচ প্র্যাকটিসের জন্য। এমনটাই জানিয়েছেন সিলেট দলের ম্যানেজার ওয়াসিকউজ্জামান, ‘সে অধিনায়ক। সে প্রথম টেস্টের দলে ছিল না, চারদিনের ম্যাচ খেলে সে যেন ছন্দে ফিরতে পারে এজন্য ক্রিকেট বোর্ড থেকেই তাকে পাঠানো হয়েছে। তিনদিনের জন্য তাকে খেলতে দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে সিলেটের ম্যানেজারের বক্তব্য, বিশ্বের বিভিন্ন দেশে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে যে খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পান তার অনুপস্থিতিতে কে খেলবেন সেটা নির্বাচকরা ঠিক করে দেবেন। পুরো ম্যাচ খেলতে পারবেন না, তাকেই অধিনায়ক করাটা জন্ম দিয়েছে প্রশ্নের, এ ব্যাপারে সিলেট দলের ম্যানেজারের বক্তব্যÑ জাকির চলে গেলে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করা অমিত চৌধুরিকেই নেতৃত্ব দেওয়া হবে।

বিকেএসপিতে রাজশাহী অলআউট হয়েছে মাত্র ৭৭ রানে। টসে হেরে আগে ব্যাট করা রাজশাহী মারুফ মৃধার বোলিং তোপে গুটিয়ে যায় ৭৭ রানে, ২২ রানে ৬ উইকেট নেন ঢাকা মেট্রোর এই বামহাতি পেসার। ৯ রান করেছেন তানজিদ হাসান তামিম। জবাবে প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে ১৩৮ রান। ৩৭ রানে অপরাজিত শামসুর রহমান। প্রথম দিন শেষে ঢাকা মেট্রো এগিয়ে ৬১ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত