বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সগির আহমেদ রিন্টু (৫২) নামে এক চালক মারা যান। এ সময় স্বামী রিন্টুকে বাঁচাতে গেলে তার স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৪৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাচালক রিন্টু অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত