তিতার কিংস মুখোমুখি ব্রুজোনের ইস্ট বেঙ্গলের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ এএম

এক সময় দুই বাংলার ঐতিহ্যবাহী দলগুলো বিভিন্ন টুর্নামেন্টে প্রায় মুখোমুখি হতো। তা হয়তো আবাহনী-মোহামেডান এবং ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে সীমাবদ্ধ থাকত। তবে ওপার বাংলার দলের বিপক্ষে শেখ জামাল, মুক্তিযোদ্ধা কিংবা সবশেষ বসুন্ধরা কিংসও খেলেছে। এবার অনেক দিন পর আবারও দুই বাংলার দলের মধ্যে দ্বৈরথ দেখার অপেক্ষায়। আজ এএফসি চ্যালেঞ্জ লিগে মুখোমুখি হতে যাচ্ছে কিংস ও ইস্ট বেঙ্গল। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রাত ৯টার ম্যাচটিতে যে উত্তেজনায় ভরপুর থাকবে, তা এখনই বলে দেওয়া যায়।

আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজোন। যিনি কিছু দিন আগেও কিংসের কোচ ছিলেন। এখন তাকে দেখা যাবে ইস্ট বেঙ্গলের ডাগ আউটে। তবে ব্রুজন তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই। গত আট ম্যাচে যে টুর্নামেন্টেই নেমেছে, সেখানেই হেরেছে ইস্ট বেঙ্গল। ব্রুজোনের অধীনে তো এর মধ্যে দুটো হার ও একটি ড্র। টানা হারের পর পয়েন্ট পেয়েছে লাল-হলুদ দল চ্যালেঞ্জ লিগে। ভুটানের থিম্পুতে ইস্ট বেঙ্গল ২-২ ড্র করেছে পারো এফসির বিপক্ষে।

সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে নেজমেহর কাছে হারা কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা যে স্বস্তিতে আছেন তাও বলা যাবে না। কিংসের হয়ে প্রথম ডাগ আউটে নেমে হার দেখেছেন। চ্যালেঞ্জ লিগে লেবাননের নেজমেহর কাছে ১-০ গোলে হেরেছে কিংস। তাই চাপে তিতা।

কিংসের বড় তারকা ব্রাজিলিয়ান মিগেল ১২ কেজি ওজন বাড়িয়ে প্রথম ঢাকায় এসে ফিটনেসের সঙ্গে লড়ছিলেন। থিম্পুতে শেষ সময়ে নামলেও তেমন সুবিধা করতে পারেননি। এখন এই ম্যাচে কী হবে তা মাঠে দেখা যাবে। যদিও তিতা বলেছেন, ‘ইস্ট বেঙ্গল ভালো দল। তাদের ভালো কোচ রয়েছে। যিনি আমাদের খেলোয়াড় সম্পর্কে ভালো জানেন। দুই দলের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। যাদের পরবর্তী পর্বে যেতে হলে জয় বেশ দরকার। আশা করছি আমরা ভালো ফল করতে পারব। আসলে ম্যাচে সুযোগ আসবে। তা থেকে গোল করতে হবে। তা সব দলের জন্য প্রযোজ্য।’

আজকে ম্যাচ থেকে পয়েন্ট হারালে কিংসের নক আউট পর্ব অনেকটাই ধূলিসাৎ হয়ে পড়বে। তাই সবাই বেশ সজাগ। ধুন্ধুমার এক লড়াই দেখার অপেক্ষায় দুই বাংলার সমর্থকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত