বৈষম্যবিরোধী আন্দোলন

মুন্সীগঞ্জে দাফনের ৮৪ দিন পর লাশ উত্তোলন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩২ এএম

দাফনের ৮৪ দিন পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার (৩০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে শহরের উত্তর ইসলামপুর এলাকার কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওয়াতীফ ইবনে মতিন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নিহত শ্রমিক সজলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

৪ আগস্ট জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লা নিহত হন। তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। ওইদিন রাতেই শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত