যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট নেওয়ার জন্য রাখা ব্যালট ড্রপবক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির কিছু রাজ্যে অগ্রিম ভোটগ্রহণের জন্য এসব ড্রপবক্স ব্যবহার করে থাকে। সোমবার ভ্যাঙ্কুয়েভারে এ ধরনের দুটি বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এটি ওয়াশিংটন রাজ্যের একটি ছোট শহর। প্রতিবেশী অরেগন রাজ্যের পোর্টল্যান্ড থেকে দশ মাইলের মধ্যে এর অবস্থান। এ ঘটনায় শত শত ব্যালটের ক্ষতি হয়েছে। এছাড়া পোর্টল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকায় একটি ড্রপবক্সে রাখা একটি ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হলে তিনটি ব্যালটের ক্ষতি হয়। কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির নির্বাচিত নিরীক্ষক গ্রেগ কিমসি বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
কিমসি বলেন, দুটি ড্রপ বাক্সেই আগুন–প্রতিরোধী ব্যবস্থা সংযুক্ত ছিল। তবে ভ্যাঙ্কুভারের বাক্সটি ঠিকঠাক কাজ করেনি। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে।
পোর্টল্যান্ডে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, গতকাল দুটি অগ্নিসংযোগের ঘটনার মধ্যে যে যোগসূত্র আছে, তা প্রমাণ করার মতো যথেষ্ট উপকরণ পাওয়া গেছে।
কর্মকর্তাদের ধারণা, গত ৮ অক্টোবরের ঘটনার সঙ্গে এ দুটি ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে। ওই দিন ভ্যাঙ্কুভারে আলাদা একটি ব্যালট বাক্সে অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে ওই ঘটনায় কোনো ব্যালট ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রেমিককে সুটকেসে ঢুকিয়ে আটকে দিলেন প্রেমিকা, অতঃপর...