রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর থেকে ছিনতাই হওয়া চিনির ট্রাক যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। গত সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় রাজবাড়ী জেলা পুলিশ সুপার শামিমা পারভীন।
গ্রেপ্তাররা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার কচুয়া গ্রামের শামীম রেজা (৩৪), নাজিম খান (৩৮), মনসেপুর গ্রামের আলমগীর হোসেন (৩৩), কেশবপুর থানার মধ্যকুল সরদারপাড়া গ্রামের আবুল বাশার (৩০) ও একই গ্রামের বাবু মিয়া (২৫)। পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, গত ২৪ অক্টোবর সিলেট থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক রওনা হয়। ট্রাকটি ২৬ অক্টোবর রাজবাড়ীর খানখানাপুর থেকে ছিনতাই হয়।
তিনি আরও বলেন, গত রবিবার রাতভর অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর জেলার কোতোয়ালি, অভয়নগর ও কেশবপুর থানা থেকে ট্রাক, ২৩৩ বস্তা চিনি ও দুই লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।
