জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের খ্যাতনামা এক শিক্ষাপ্রতিষ্ঠান। মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ‘মাসকান্দা মাদ্রাসা’ ও ‘মিফতাহুল উলুম’ নামে পরিচিত। এই প্রতিষ্ঠানের পড়াশোনার উন্নতি-অগ্রগতি, মনোরম আবাসন ব্যবস্থাপনা ও পরিবেশ যে কাউকে মুগ্ধ করে।
এই প্রতিষ্ঠানে রয়েছে স্বতন্ত্র তিনটি বিভাগ। হিফজুল কোরআন বিভাগ, মাস্টার্স সমমনা কিতাব বিভাগ এবং উচ্চতর ইসলামি আইন ও গবেষণা বিভাগ। প্রতি বছর বোর্ড পরীক্ষায় একাধিক শিক্ষার্থী মেধাতালিকা অর্জন করে মাদ্রাসার জন্য সুনাম বয়ে এনেছে এবং বোদ্ধামহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নিঃসন্দেহে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত সুখকর বিষয়। ধর্মপ্রাণ মুসলমানদের শরয়ি যেকোনো জিজ্ঞাসা এবং মাসয়ালা সমাধানের জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে উচ্চতর ইসলামি আইন ও গবেষণা বিভাগ। এই বিভাগের দায়িত্বে রয়েছেন দেশসেরা বিজ্ঞ কয়েকজন মুফতি।
সফলতার সিঁড়ি বেয়ে প্রতিষ্ঠানটি ৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে। দীর্ঘ এই পথচলায় জামিয়ার সূর্য সন্তানদের মাঝে তৈরি হয়েছে বরেণ্য হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, দাঈ ও সমাজসেবক। যারা দেশ-বিদেশে উম্মাহর খেদমতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এ পর্যায়ে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে শিক্ষক-কর্মচারী, সাবেক ও বর্তমান ছাত্রদের দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষার পরিপ্রেক্ষিতে সাবেক ও বর্তমান সব ছাত্রের অংশগ্রহণে ওস্তাদ-ছাত্রদের পরম স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক অটুট রাখতে, ছাত্রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে, জামিয়ার প্রতি ভালোবাসা লালন ও দায়িত্ববোধ পালনে এবং জামিয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুনর্মিলনী ও আবনাউল মিফতাহ সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জানুয়ারিতে। মহতি এ উদ্যোগে জামিয়ার সব আবনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
