সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৯ এএম

রাজধানীর উত্তরার বাসা থকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের সময় বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার; ১ হাজার ১০০ ইউরো; ৫ হাজার ৩০০ থাইবাথ; ১ হাজার ৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩ হাজার রুপি; ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’ এদিকে আদালত সাবেক এই মন্ত্রীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে সংশ্লিষ্ট মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত