ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়ে উপাচার্যকে (ভিসি) স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) শাখা। গতকাল বুধবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি তুলে দেন ঢাবি শিবির সভাপতি মো. আবু সাদিক (কায়েম) ও সেক্রেটারি এসএম ফরহাদ।
স্মারকলিপিতে নেতারা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। যে আবেদন ফি শিক্ষার্থীদের জন্য সংকুলান খুবই কষ্টসাধ্য।
ভর্তির আবেদন ফি প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে তারা বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৪৫০ টাকা। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে আরও ২০০ টাকা বাড়িয়ে করা হয় ৬৫০ টাকা। পরে ২০২১-২২ শিক্ষাবর্ষে ফি আরও ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়। পরের বার ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১ হাজার টাকা। এরপর ২৩-২৪ শিক্ষাবর্ষে আবেদন ফি আরও ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০ টাকা করা হয়েছে।
