সুন্দরবনের পশুর নদে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে ওই নদ দিয়ে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে লোকমান সরদার (১৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গতকাল শনিবার সকালে নিখোঁজ হওয়া লোকমানের নানা ফারুক সরদার খুলনার দাকোপ থানায় একটি জিডি করেন। এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছে পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ লোকমান সরদার ওরফে বুলবুলের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামে। এখনো তার সন্ধান মেলেনি।
সুন্দরবনের তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির ওসি সনিট কুমার গায়েন গতকাল বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে করমজল ফরেস্ট স্টেশনের কাছে কয়লাবোঝাই কার্গো এমভি মিজানের সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই এমভি এমটি ইরা স্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। নদীতে প্রবল ঢেউ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই কার্গো দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি মিজানের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কার্গো দুটির কোনো নাবিকের ক্ষয়ক্ষতি হয়নি। তারা নিরাপদে রয়েছেন। নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছে।
নিখোঁজ লোকমানের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, একই সময়ে ওই নদ দিয়ে সুন্দরবনে মাছ শিকার করে দুটি ডিঙি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন ফারুক সরদার, ইমরান সরদার, রুবেল সরদার ও লোকমান সরদার। হঠাৎ প্রবল ঢেউয়ে রুবেল ও লোকমানের ডিঙি নৌকাটি ডুবে যায়। রুবেল সাঁতরে ডাঙায় উঠতে পারলেও লোকমান আর উঠতে পারেনি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
