সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন, আরও ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৮ এএম

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে আরও পাঁচজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর কাফরুল ও ভাষানটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার ( নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় শনিবার সেনাবাহিনী আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল নামক ৫ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এবং কাফরুল এলাকা হতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক এবং কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং  সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত