উ.কোরিয়া-রাশিয়ার সম্পর্ক জোরদারে উদ্বেগ চীনের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০১:৫৮ এএম

উত্তর কোরিয়ার সঙ্গে সাম্প্রতিক সময় সম্পর্ক জোরদার করছে রাশিয়া। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরসহ নানা বিষয়ে সমঝোতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে লড়তে ১০ হাজারের বেশি সেনা পাঠানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও দক্ষিণ কোরিয়া। তবে এই অভিযোগ প্রত্যাখান করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া উভয় দেশই। এসবের মধ্যেই গত বৃহস্পতিবার দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা দেশটির সামরিক ও পারমাণবিক কর্মসূচি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। তবে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সময়ের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উদ্বেগের কারণ হয়ে উঠেছে তাদের আরেক মিত্র চীনের জন্য।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ক্রিস্টোফার গ্রিন বলেছেন, উত্তর কোরিয়ার ওপর ঐতিহাসিকভাবে নিয়ন্ত্রণ রয়েছে চীনের। দেশটির সঙ্গে পিয়ংইয়ং ও রাশিয়াÑ উভয়েরই সীমান্ত রয়েছে। তবে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টি চীনের নিয়ন্ত্রণ কমাতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যদি নিজেদের স্বার্থ সুরক্ষায় দ্রুত কোনো পদক্ষেপ না নেন, তাহলে সেটি বেইজিংয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনিতেই দীর্ঘদিন ধরে পশ্চিমা ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে টানাপড়েন চলছে চীনের। এমন অবস্থায় উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে গেলে তা অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে উঠবে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য।

উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে চীনের। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির পুনর্গঠনে সবচেয়ে বেশি সহায়তা করেছে চীন। বেইজিংয়ের সহায়তা ছাড়া উত্তর কোরিয়ার টিকে থাকাটা বেশ কঠিন। কেননা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই চীনের সঙ্গে করতে হয় পিয়ংইয়ংকে। এমনকি জ¦ালানি ও খাদ্যের মতো বিষয়গুলোতে চীনের ওপর নির্ভরশীল কিম জং-উনের দেশ। ফলে চীন বিষয়টিকে নিজেদের পর্যবেক্ষণের ভেতর রাখছে বলে জানান আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক গ্রিন। তিনি বলেছেন, চীন এখনই কোনো পদক্ষেপ না নিলেও, তারা বিষয়টি নিবিড়ভাবে দেখছে। চীন এশিয়াসহ বিশ্বে নিজেদের আধিপত্য বাড়াতে যা যা করার প্রয়োজন, তা করতে পিছপা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত