কালিহাতীতে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুর রহমান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র  ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তার পরিবারের সদস্যরা।

নিখোঁজ আব্দুর রহমান উপজেলার পাইকড়া ইউনিয়নের হাসড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের (মুন্সির) ছেলে। সে পাশের দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের বড় ভাই মো. ইব্রাহিম গত শনিবার রাতে কালিহাতী থানায় একটি জিডি করেছেন। 

ইব্রাহিম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মাদ্রাসা থেকে অন্য ছাত্রদের সঙ্গে হাটতে বের হয় আব্দুর রহমান। এরপর আর মাদ্রাসায় ফেরেনি। নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার ইবনে ইমাম বলেন, প্রতিদিনের মতো আসরের নামাজের পরে ফ্রি সময় দেওয়া হয় আবাসিকের ছাত্রদের। শুক্রবারেও আসরের নামাজের পরে সব ছাত্ররা বাইরে ঘুরে হলে এলেও আব্দুর রহমান ফিরে আসেনি।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্র আব্দুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত