নিউজিল্যান্ডের কাছে মহাবিপর্যয়ের পর টালমাটাল ভারতের ক্রিকেট। তার ওপর অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ‘ব্যক্তিগত কারণে’ অধিনায়ক রোহিত শর্মা অনিশ্চিত। এই অনিশ্চয়তা মেনে নিতে পারছেন না ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। তিনি রোহিতের কর্মকাণ্ডে বেজায় চটে গিয়ে জসপ্রিত বুমরাহকে অধিনায়ক করতে বলেছেন।
২২ নভেম্বর থেকে শুরু হবে বোর্ডর-গাভাস্কার ট্রফি। ওই সময়ে দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন রোহিত শর্মা। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে প্রথম টেস্টে তিনি নাও খেলতে পারেন। দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় আছে। কিউইদের বিপক্ষে মুম্বাই টেস্ট শেষে এই প্রশ্নে রোহিত বলেছিলেন, ‘এই মুহূর্ত নিশ্চিত নই আমি (শুরুতেই) যাব কি না। দেখা যাক।’
এমন অনিশ্চয়তা পছন্দ করছেন না গাভাস্কার। ভীষণ চটে গিয়ে তিনি বলেছেন, ‘সিরিজ শুরুর টেস্টে অধিনায়কের অবশ্যই খেলা উচিত। সে চোট পেলে অন্য ব্যাপার ছিল। কিন্তু অন্য কোনো কারণে অধিনায়ক যদি প্রথম টেস্টে না থাকে, তাহলে সহ-অধিনায়কের ওপর অনেক চাপ পড়ে এবং তা সহজ নয়।’
তিনি আরও বলেছেন, ‘আমরা খবরে দেখছি যে, রোহিত প্রথম টেস্টে খেলবে না, দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা আছে। এটা যদি সত্যি হয়, তাহলে আজিত আগারকারের (প্রধান নির্বাচক) উচিত তাকে বলা যে, “যা ইচ্ছা করতো পার, বিশ্রাম চাইলে নিতে পার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই সফরে তুমি অংশ নিতে পারবে কেবল একজন ক্রিকেটার হিসেবে। যখন ইচ্ছে, সফরে গিয়ে দলে যোগ দেবে। কিন্তু এই সফরের জন্য সহ-অধিনায়ককে আমরা অধিনায়ক হিসেবে ঘোষণা করছি”।’
অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। ২০২২ সালে রোহিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন এই ফাস্ট বোলার। গাভাস্কার আরও বলেন, ‘এই জায়গায় স্বচ্ছতা থাকা প্রয়োজন। কারণ, মাত্রই নিউ জিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছি আমরা। ভারত যদি নিউ জিল্যান্ডের সঙ্গে ৩-০ ব্যবধানে জিতত, তাহলে ব্যাপারটি অন্যরকম হতে পারত।’
এর আগে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন তখনকার ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে দুটি বিষয় এক নয় বলে মন্তব্য করেন গাভাস্কার, ‘ওই সময়টায় ব্যাপারটিতে স্বচ্ছতা ছিল। আমরা আগে থেকে জানতাম যে, কোহলি স্রেফ একটি টেস্ট খেলবে এবং এরপর সহ-অধিনায়ক দায়িত্ব নেবে। দলের বাকিদের জন্য ব্যাপারটির সঙ্গে মানিয়ে নেওয়া ছিল তুলনামূলক সহজ।’
এজাজের মতো স্পিনার ভারতের ক্লাবে প্রতিদিন পাওয়া যায়!
‘অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টেস্ট থেকে সরে দাঁড়াবেন রোহিত’
এক কক্ষে ৮ জন, বাথরুম একটি, নেই পুষ্টিকর খাবার!