বিচারক বলেছেন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুয়া: শিশুবক্তা মাদানি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

রাজধানীর মতিঝিল, তেজগাঁও, পল্টন ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত। 

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস পাওয়ার পর রফিকুল ইসলাম মাদানী জানান, মামলার ঘানি টানা কষ্টকর। আমার বিরুদ্ধে মোট সাতটি মামলার মধ্যে হাসিনার পতনের পর আজ চার মামলায় খালাস পেলাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয় তার সবগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমি বিচারকের প্রতি কৃতজ্ঞ তিনি বলেছেন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব ভুয়া। তার আদালতে চলা সবগুলো মামলা থেকে আমাকে খালাস দিয়েছেন। আমি অনেক খুশি এবং দোয়া করি এ দেশের প্রত্যেক আলেম যেন মিথ্যা সব মামলা থেকে মুক্তি পান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত