কুষ্টিয়ায় বালুর চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে জেগে উঠা বালুর চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৪০) নামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রবিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম খাদিমপুর এলাকার মৃত মোজাহার আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদ্মা নদীর মাঝে খাদিমপুরের দাদাপুর নামক এলাকায় কয়েকদিন আগে মোটা বালুর নতুন চর জেগে উঠেছে। এই চরের দখল নিয়ে স্থানীয় সরদার গোষ্ঠী ও গাইন প্রামাণিক গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, চরদখলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত