রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল রবিবার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এটিকেই মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। এর কারণে মস্কোর তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের অন্তত ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। হামলায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
মস্কোর মেয়র সের্গেই সাবিয়ানিয়ান জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে আসা ৩২টি ড্রোনকে ভূপাতিত করেছে। রুশ ভূখণ্ডে বিমান-ধাঁচের ড্রোন ব্যবহার করে কিয়েভের হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
