পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমেরিকার (যুক্তরাষ্ট্র) ক্ষমতায় কে আসলো, কে আসলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি। সেভাবে আমরা নিজেরাই অগ্রসর হচ্ছি।’
গতকাল রবিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা কাপ্তাই হ্রদে শুধু মৎস্যসম্পদ উন্নয়নই নয়; হ্রদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া কাপ্তাই হ্রদ খননের যে পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
