মধ্যপ্রাচ্যে সংঘাত

ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বৈঠকে আরব নেতারা

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

আলাদা দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেছেন আরববিশে^র নেতারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল সোমবার শুরু হয়েছে আন্তর্জাতিক এ সম্মেলন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সামরিক সংঘাত বন্ধের বিষয়ে পদক্ষেপ এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়া নিয়ে আলোচনা হবে আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ এ শীর্ষ সম্মেলনে।

এদিকে ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে বলে উল্লেখ করেছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না। গতকাল আরব লিগ ও ওআইসির সম্মেলনে এসব কথা বলেন মুহাম্মদ বিন সালমান।

গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত অক্টোবরের শেষদিকে রিয়াদে আরব নেতাদের একটি সম্মেলন হয়। সেই সম্মেলন শেষে নভেম্বরের শুরুতেই আবার সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন আরব ও মুসলিমবিশে^র নেতাদের জরুরি এ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ, বেসামরিক মানুষজনকে রক্ষা, ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো, নিজেদের অবস্থান নিয়ে ঐকমত্য তৈরি, চলমান হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে কীভাবে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফেরানো যায়, সেসব নিয়েই আলোচনা হবে সম্মেলনে।

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্র্তৃক সংঘটিত গণহত্যাকে প্রত্যাখ্যান করছি।’

গাজায় ইসরায়েলের অভিযানের নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ বলেন, ‘উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে। গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’

তবে দুই রাষ্ট্র সমাধান নিয়ে রিয়াদে সম্মেলন শুরুর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে না।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে এক প্রশ্নের জবাবে গিডিয়ন সার বলেন, ‘আমার মনে হয় আজকের দিনে এসে এটা কোনো বাস্তবসম্মত অবস্থান নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত