সমন্বয়ক পরিচয়ে নারীর ব্যাগ তল্লাশি, তোপে ২ শিক্ষার্থী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম

চট্টগ্রাম নগরে রাতে এক নারীর ব্যাগ তল্লাশি নিয়ে স্থানীয়দের রোষানলে পড়েছেন সমন্বয়ক পরিচয় দেওয়া দুই শিক্ষার্থী। গত সোমবার রাত ১১টার দিকে নগরের সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ও মো. রায়হান এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন। একপর্যায়ে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ বলেন, ‘ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এ বিষয়ে

থানায় কোনো অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কিছু নারীকে তাড়া করেন ওই দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তার পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তারা। তার ব্যাগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী রয়েছে কি না, তা তল্লাশি করে  দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজন মারতে উদ্যত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে থানায় নিয়ে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত