চট্টগ্রামে সনাতনীদের সংগঠন ‘ইসকন’ নিয়ে হাজারি গলির এক ব্যবসায়ীর পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় সুমন চৌধুরী নামে নগর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সুমন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার রাতে নগরের লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হলো।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, নগরের লাভ লেইন এলাকা থেকে সুমন চৌধুরীকে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলারও আসামি সুমন।
এর আগে গত ৫ নভেম্বর হাজারি গলিতে ওসমান আলী নামে এক ব্যবসায়ীর দেওয়া ইসকনবিরোধী ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের ওপর জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করা হয়। সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর ৫ সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। এ ঘটনায় ৮২ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে দায়ের করা ১ মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
