খুলনায় বিষাক্ত মোয়া ও আপেল খেয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দন শ্রী গ্রামের মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ইরানী ও আব্দুল গনির পিতা আপেল কিনে বাড়িতে যান। রাতে ওই দুই শিশু আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসার জন্য তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ওই দুই শিশুর পিতা মঙ্গলবার খোলা কাগজের ঠোঙ্গায় করে মোয়া ও আপেল কিনে বাড়িতে নিয়ে যায়। রাতে তারা ওই মোয়া ও আপেল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে কিসে বিষ ছিল তা এখনো নিশ্চিত করা যায়নি। তাদের ফরেনসিক করা হয়েছে। ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে কোনটা বিষাক্ত ছিল।
এলাকাবাসী জানান, নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে। মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক মেয়ে রয়েছে।
সোনাগাজীতে নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা