খুলনায় আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে সেনাবাহিনী প্রধান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে এএসসি কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
পরে সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত এএসসি কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী এএসসি কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাদের। সেনাবাহিনী প্রধান এএসসি কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লে এএসসি কোরের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। এ ছাড়া তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর সব এএসসি ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
