বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের বিরতির সময় রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোর সঙ্গে মেজাজ হারিয়ে কথা বলতে দেখা যায় লিওনেল মেসিকে, যা খুবই বিরল দৃশ্য। আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনার জন্য ছিল হতাশার রাত।
খেলার ১১ মিনিটেই লাওতারো মার্তিনেজের বাঁ পায়ের শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের থ্রু পাস থেকে বক্সে ঢুকে গোলটি করেন ইন্টার মিলান ফরোয়ার্ড। তবে মাত্র ৮ মিনিট পরই প্যারাগুয়ে সমতায় ফেরে। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে দর্শকদের মুগ্ধ করেন তিনি। প্রথমার্ধে ১-১ সমতা নিয়েই শেষ হয়।
বিরতির পর, ৪৭ মিনিটে ডিয়েগো গোমেজের ফ্রি কিক থেকে হেডে গোল করেন ওমর আলদেরেতে। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। আর্জেন্টিনা পুরো ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ৬৯ মিনিটে হুলিয়ান আলভারেজের ক্রসে রদ্রিগো দি পল ফাঁকা জায়গা পেয়েও গোল করতে পারেননি। ৮৭ মিনিটে মেসির ক্রসে ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। মেসিও চেনা ছন্দে ছিলেন না।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো একটি বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়েছে প্যারাগুয়ে। এর আগে ২০১০ সালের বাছাইয়েও তারা এ কৃতিত্ব দেখায়। সেপ্টেম্বরে দেল চাকো স্টেডিয়ামেই ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিল প্যারাগুয়ে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। কলম্বিয়া ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয়। ইকুয়েডর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম, এবং গোল ব্যবধানে পিছিয়ে থেকে ছয়ে প্যারাগুয়ে।
শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। বুধবার সকালে পেরুর বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা।
ভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলাকেও হারাতে পারল না ব্রাজিলের
সংবর্ধনায় অভিভূত সাফজয়ীরা