কুমিল্লার দেবিদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আফসার উদ্দিন রানা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দেবিদ্বার সরকার বাড়ি এলাকায় ব্যাডমিন্টন মাঠে খেলা শেষে তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আফসার উদ্দিন রানা দেবিদ্বার উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে। তিনি কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মৃত রানার মা রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যায় খেলতে যাবে বলে সে বাসা থেকে বের হয়। রাত ১১টায় আমার কাছে খবর আসে ছেলে আর নেই। এখন আমরা কী নিয়ে বাঁচব!’
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ছেলে মারা গেছে বলে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ শ্রমিক। গতকাল শনিবার বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেসার্স চরচাষী ট্রান্সপোর্ট এজেন্সিতে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিক নাজির হোসেন (২৬) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই উপজেলার উমেদপুর গ্রামের নাজমুল হোসেন (২২), মাসারুল ইসলাম (২৩), বদরপুর গ্রামের হেলাল (২৪) ও জামাল উদ্দিন (৪০)।
